পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে অন্তত ২১৬ জন বালোচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, গত শনিবার বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাংক, স্কুল ও বাজারে হামলা চালায় এবং খনিজসমৃদ্ধ নুশকি শহরের দখল নেয়। ওই হামলায় ২২ জন নিরাপত্তাকর্মী এবং ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনার জবাবে বুধবার থেকে সেনাবাহিনী পাল্টা অভিযান শুরু করে।
সেনাবাহিনীর দাবি, ২৯ জানুয়ারি শুরু হওয়া ‘রাদ আল-ফিতনা-১’ (অরাজকতা দমন) অভিযানের আওতায় বিএলএর অবস্থান লক্ষ্য করে একাধিক এলাকায় আক্রমণ চালানো হয়। টানা তিন দিন বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা নুশকি শহর হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অঞ্চলে জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments