পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
পুলিশ জানায়, নামাজ চলাকালীন এক আত্মঘাতী হামলাকারী মসজিদের প্রবেশপথে নিজেকে বিস্ফোরণ ঘটায়। বার্তাসংস্থা এএফপিকে দেওয়া তথ্যে জানা গেছে, নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে মসজিদে ঢুকতে বাধা দিলে সে তখনই বিস্ফোরণ ঘটায়।
প্রাথমিক তদন্তে পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং জরুরি চিকিৎসা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে ছিন্নভিন্ন মরদেহ ও ভাঙা জানালার দৃশ্য দেখা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ হামলার পর এটি পাকিস্তানে মসজিদে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
সূত্র: সিএনএন, এএফপি, আলজাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments