ব্রিটিশ রাজ পরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু আলবার্টের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। যৌন অপরাধী এপস্টেইন সংক্রান্ত একাধিক নথিতে অ্যান্ড্রুর নাম এসেছে। রাজা চার্লস বলেছেন, অভিযোগগুলো টেমস ভ্যালি পুলিশ খতিয়ে দেখলে বাকিংহাম প্যালেস সহায়তা করতে প্রস্তুত।
ব্রিটিশ রাজপরিবারের রীতিতে এমন ঘটনা নজিরবিহীন। রাজপ্রাসাদের একজন মুখপাত্র বলেছেন, অ্যান্ড্রুকে নিয়ে ক্রমাগত অভিযোগ সামনে আসায় রাজা তৃতীয় চার্লস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও অভিযোগগুলোর জবাব দেওয়ার দায়িত্ব অ্যান্ড্রুর নিজের, তবে টেমস ভ্যালি পুলিশ যদি যোগাযোগ করে, তবে রাজপরিবার সহায়তা করতে প্রস্তুত।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, রিপাবলিক নামে রাজতন্ত্রবিরোধী একটি গোষ্ঠী তাদের কাছে অভিযোগ দিয়েছে। এটি তদন্তের ভিত্তি আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। গোষ্ঠীটি অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি পদে থেকে অসদাচরণ এবং সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগ করেছে।
সম্প্রতি প্রকাশিত এপস্টেইন নথিতে দেখা গেছে, সাবেক প্রিন্স অ্যান্ড্রু সিঙ্গাপুর, হংকং এবং ভিয়েতনামে তাঁর সফরের প্রতিবেদন এবং বিনিয়োগের সম্ভাবনা সংক্রান্ত গোপন তথ্য আদান-প্রদান করেছেন। ২০১০ সালের ৩০ নভেম্বরের একটি ইমেইলে দেখা যায়, তৎকালীন বিশেষ উপদেষ্টা অমিত প্যাটেলের কাছে থেকে সফরের সরকারি প্রতিবেদন পাওয়ার পরপরই তা এপস্টেইনের কাছে পাঠিয়েছিলেন অ্যান্ড্রু।
এছাড়া, ২০১০ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে বিনিয়োগের সুযোগ সংক্রান্ত কিছু ‘গোপনীয়’ তথ্যও এপস্টেইনের কাছে পাঠিয়েছিলেন।




Comments