Image description

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে‌ছে চীন।

দেশটি বল‌ছে, মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আঙুল তুলেছেন। এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আঙুল তুলেছেন এবং সাদাকালো মিশিয়ে উপস্থাপন করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়া‌রি) এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাসের মুখপাত্র মার্কিন রাষ্ট্রদূতের বক্ত‌ব্যের প্রতিবাদ জানান।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। একই সঙ্গে চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করতে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে কাজ করবে।

রাষ্ট্রদূতের বক্ত‌ব্যের জবা‌বে চীনা মুখপাত্র ব‌লেন, ‘চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে এবং দুই দেশের সহযোগিতা বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও পারস্পরিক লাভজনক অংশীদারির উৎকৃষ্ট দৃষ্টান্ত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।’

মুখপাত্র ব‌লেন, চীন-বাংলাদেশ সম্পর্ক কিংবা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এ সম্পর্ক বাইরের কোনো শক্তির প্রভাবে প্রভাবিত হবে না। যারা  এসব সম্পর্কে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।