Image description

ইউক্রেনে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, ডিনিপ্রো এবং ওডেসা শহরে জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘রাশিয়া শত শত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

যার ফলে মানুষ বিদ্যুৎ, তাপ এবং জল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’ মেয়র ভিটালি ‌ক্লিটসকো বলেন, ‘কিয়েভে ব্যাপক হামলায় দুইজন আহত হয়েছেন। বিভিন্ন ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।’

ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, শহরকে বিভক্তকারী ডিনিপ্রো নদীর উভয় পাশে আবাসিক এবং অনাবাসিক উভয় ভবনেই আঘাত হেনেছে।

রয়টার্স প্রত্যক্ষদর্শীরা শহরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টায় ইউক্রেনীয় কর্মকর্তারা আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

কিন্তু এখন পর্যন্ত আলোচনা ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চল নিয়ে মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছে এবং রাশিয়া তীব্র শীতের মধ্যে প্রায়ই ইউক্রেনীয় জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, যুদ্ধ শেষ করতে চাইলে আমেরিকার রাশিয়ার ওপর আরো চাপ প্রয়োগ করা উচিত।

সূত্র : রয়টার্স