Image description

উত্তর সুদানের নীল নদীতে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় রাজ্য সরকার এবং এএফপির সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শীরা এই খবর জানিয়েছে।

রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং কিছু যাত্রী এখনে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল। বিবৃতিতে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিল।

সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, নৌকার ছয়জন যাত্রী বেঁচে গেছেন।

দলটি বলেছে, এই ঘটনাটি নদী পরিবহনে সুরক্ষা ব্যবস্থার অনুপস্থিতি, সেইসঙ্গে ঘটনার শুরুতে স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে ঘটেছে। 

সুদানে অনেক মানুষ নদীপথে চলাচলের জন্য একক ইঞ্জিনচালিত নৌকার ওপর নির্ভরশীল, যা সাধারণত একজন অপারেটর পরিচালনা করেন। প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের কারণে দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ভেঙে পড়েছে।