Image description

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে ভারত। মঙ্গলবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু-তে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তিতে সই করবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন।

ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, চুক্তি কার্যকর হলে ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি প্রতিরক্ষা প্রতিষ্ঠান সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স।

‘হ্যামার’ মূলত ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্মার্ট এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র। ১৯৯৭ সাল থেকে এটি তৈরি করছে সাফরান। বিশেষভাবে রাফাল যুদ্ধবিমানে ব্যবহারের জন্য এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।

প্রিসিশন-গাইডেড এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

চলতি ফেব্রুয়ারির শুরুতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে নতুন চুক্তি করেছে ভারত। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ হওয়ার আগেই ১৮টি রাফাল তৈরি অবস্থায় পাবে ভারত। বাকি বিমানগুলো ভারতেই উৎপাদিত হবে এবং তাতে ভারতীয় প্রযুক্তির ব্যবহার থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করে ভারত। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল জেট রয়েছে। নতুন এই যৌথ উদ্যোগ সেই বহরে ব্যবহারের জন্যই হ্যামার ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথ খুলে দেবে।

সূত্র : দ্য হিন্দু, ফ্রার্স্ট পোস্ট

মানবকণ্ঠ/আরআই