Image description

উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশ দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দেশের কোথাও রমজানের নতুন চাঁদ দেখা সম্ভব হয়নি। ফলে ওমান ও মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মঙ্গলবার দেশটির আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখা যায়নি। ফলে বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।

এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর মধ্যে ওমান প্রথম রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে। ওমানের হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করেছে যে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) হবে শাবান মাসের শেষ দিন। অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী মঙ্গলবার ওমানের সব গভর্নরেটে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় খালি চোখে তা দেখার কোনো সম্ভাবনা ছিল না।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ দেশেই নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। রিয়াদ, আবুধাবি, দোহা ও কুয়েতের মতো শহরগুলোতে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

জ্যোতির্বিদদের মতে, সূর্যাস্তের সময় দিগন্তরেখায় চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করেই নতুন মাস শুরু হয়, যা মঙ্গলবার দৃশ্যমান হওয়ার উপযোগী ছিল না।

মানবকণ্ঠ/ডিআর