Image description

পাকিস্তান-এর আফগানিস্তান সীমান্তবর্তী বাজাউর জেলায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি চেকপোস্টে সোমবার বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স আইএসপিআরের বিবৃতি উদ্ধৃত করে জানায়, হামলায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং প্রতিবেশী ভারতকে দায়ী করেছে।

সেনাবাহিনীর দাবি, পাল্টা অভিযানে ১২ জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর জানায়, হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে চেকপোস্টের দেয়ালে আঘাত হানে। বিস্ফোরণে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং আশপাশের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে এক বালিকা নিহত হয়।

হামলার পর এলাকাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, গত বছরজুড়ে খাইবার পাখতুনখওয়ায় জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি পাকিস্তানি গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে প্রদেশটিতে জঙ্গি হামলায় ১,৬২০ জন নিহত হলেও ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,৩৩১ জনে।

মানবকণ্ঠ/আরআই