জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটিতে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমস।
সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবালের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশের ৯৬টি স্থানে এবং আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (BMKG) ৩৭টি পয়েন্টে চাঁদ দেখার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। তবে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
ইন্দোনেশিয়ার বৃহত্তম ইসলামি সংগঠন নাহদলাতুল উলামা জানিয়েছে, অর্ধচন্দ্র দৃশ্যমানতার নির্ধারিত মানদণ্ড পূরণ না হওয়ায় বৃহস্পতিবার রোজা শুরু হওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক।
মঙ্গলবার অনুষ্ঠিত ‘ইসবাত’ অধিবেশনের (চাঁদ দেখা কমিটির বৈঠক) আগে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ সেসেপ নুরওয়েন্দায়া বলেন, জ্যোতির্বিদ্যা ভিত্তিক হিসাব অনুযায়ী নতুন চাঁদ এখনো দৃশ্যমান হওয়ার মতো উচ্চতায় পৌঁছায়নি।
এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপাইনেও মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতেও ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। দক্ষিণ ফিলিপাইনের স্বশাসিত অঞ্চল বাংসামোরোর গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলরউফ গুইয়ালানি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments