সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হবে। গালফ নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। সূর্যাস্তের পরপরই দেশটির বিভিন্ন স্থানে চাঁদ দেখা কমিটি ও পর্যবেক্ষণ দলগুলো আকাশ পর্যবেক্ষণ শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে সৌদি রাজকীয় আদালত। আজ মঙ্গলবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে সৌদিতে কাল থেকে রোজা শুরু হচ্ছে।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও বুধবার থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
তবে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে ওমান ভিন্ন ঘোষণা দিয়েছে। ওমানের আকাশে আজ চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।
এদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলিমরা নিজ নিজ দেশে চাঁদ দেখা এবং পবিত্র রমজান শুরু হওয়ার তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments