মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই মাছের খামারে কাজ করতে যাওয়া জেলে ছিলেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আহরাম পত্রিকার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাঈদের দক্ষিণে ৩০ জুন অ্যাক্সিস মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তে নেমেছে পাবলিক প্রসিকিউটররা।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি পিকআপ ট্রাক দুটি বড় মালবাহী ট্রাকের মাঝখানে চূর্ণবিচূর্ণ অবস্থায় রয়েছে এবং সড়কজুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ।
এপি আরও জানায়, পিকআপটি উপকূলীয় পোর্ট সাঈদ এলাকায় মাছের খামারে কাজ করতে যাওয়ার জন্য জেলেদের বহন করছিল।
এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে অংশ নিয়েছেন মিসরের ধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি। তিনি সেখান থেকেই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তারও নির্দেশ দেন।
ফেসবুকে দেয়া এক বিবৃতিতে মাদবুলি বলেন, পোর্ট সাঈদ প্রদেশের গভর্নরের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের মাধ্যমে তিনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
প্রসঙ্গত, মিসরের সড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে এবং প্রতি বছর হাজারো মানুষ প্রাণ হারান। এসব দুর্ঘটনায় প্রায়ই মাইক্রোবাস ও ভারী ট্রাক যুক্ত থাকে। অতিরিক্ত গতি, সড়কের খারাপ অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়াকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করা হয়।
এর আগে গত বছরের জুনে উত্তর আফ্রিকার এই দেশটিতে ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছিলেন। নিহতদের অধিকাংশই কিশোরী ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন।




Comments