যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির কোনো চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এই হুঙ্কার দেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা আমাদের জন্য যত বড় সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা কিছুতেই তাদের কাছে মাথানত করব না।"
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কেবল চাপ সৃষ্টিই নয়, ইরানের ওপর ‘সীমিত হামলার’ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরপরই পাল্টা এই প্রতিক্রিয়া জানালেন ইরানের প্রেসিডেন্ট।
এর আগে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান যদি ১০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে "খারাপ কিছু" ঘটতে পারে। পরবর্তীতে তিনি সেই সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করেন। শুক্রবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন যে, তিনি ইরানে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন।
মার্কিন সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবারই বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এর আগে জানুয়ারিতে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ও তার বহরকে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
এদিকে, যুদ্ধের দামামা বাজলেও পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, জেনেভায় আলোচনার পর একটি সম্ভাব্য চুক্তির খসড়া আগামী দুই-তিন দিনের মধ্যেই প্রস্তুত হবে।
আরাঘচি মার্কিন গণমাধ্যমকে বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বলেনি। আমরাও কোনো স্থগিতাদেশের প্রস্তাব দিইনি। আলোচনা চলছে কীভাবে নিশ্চিত করা যায় যে ইরানের পরমাণু কর্মসূচি চিরকাল শান্তিপূর্ণ থাকবে।"
তবে আরাঘচির এই দাবি কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে ধারণা করা হচ্ছে। খসড়াটি প্রস্তুত হওয়ার পর তা ঊর্ধ্বতনদের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে ট্রাম্পের মনোনীত প্রতিনিধি স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments