Image description

ইরানের নজিরবিহীন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী জেরুজালেম। প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া সাধারণ ইসরায়েলিদের মধ্যে এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। খোদ ইসরায়েলি নাগরিকরাই এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আস্থা হারিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর ইরানে হামলার প্রতিক্রিয়ায় তেহরান পাল্টা আক্রমণ শুরু করলে জেরুজালেমজুড়ে সতর্কতা জারি করা হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া এক ইসরায়েলি শিক্ষার্থী বিবিসিকে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমি বলে বোঝাতে পারব না এই অনুভূতি কতটা ভয়াবহ। আগে ভেবেছিলাম আমি ভয়ের অনুভূতি সম্পর্কে জানি, কিন্তু এবারের পরিস্থিতি কল্পনাকেও ছাড়িয়ে গেছে। মুহুর্মুহু সাইরেনের শব্দ, একের পর এক বিস্ফোরণ আর মাথার ওপর দিয়ে যুদ্ধবিমানের গর্জনে আমরা স্তব্ধ হয়ে আছি।’

আশ্রয়কেন্দ্রে বসে ওই শিক্ষার্থী আরও বলেন, ‘একেকটি বিস্ফোরণের শব্দে মনে হচ্ছিল এই বুঝি আমি বা আমার প্রিয়জন প্রাণ হারাব। আমি যে আশ্রয়কেন্দ্রে আছি, সেটি সরাসরি আঘাত থেকে রক্ষা করতে পারবে না। আমি এখন আরও নিরাপদ কোনো জায়গার খোঁজ করছি।’

নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আর এই সরকারকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় তারা নাগরিকদের নিরাপত্তার চেয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে বেশি ব্যস্ত। তারা সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে অন্য কারো স্বার্থে কাজ করছে।’

উল্লেখ্য, শনিবার সকালে ইসরায়েল ও মার্কিনিদের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অন্তত ৫১ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই ট্র্যাজেডি ও পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

মানবকণ্ঠ/ডিআর