ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের এই দুই শীর্ষ নেতার নিহতের খবর জানিয়েছে। অন্যদিকে, ‘টাইমস অব ইসরায়েল’ উল্লেখ করেছে যে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা—শনিবার সকালের এই হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি ইরানের গোয়েন্দা প্রধানও প্রাণ হারিয়েছেন।
শনিবার ভোরে ইরানে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল, যাতে পরবর্তী সময়ে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরান প্রশাসনের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারক ও সামরিক কমান্ডারদের হত্যা করে নেতৃত্বশূন্য করা। যদিও হামলার চূড়ান্ত ফলাফল এবং মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট।
শীর্ষ কর্মকর্তাদের প্রাণহানির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা হয়ত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি আমাদের জন্য খুব বড় কোনো সমস্যা নয়।’ তাঁর এই মন্তব্য পরোক্ষভাবে শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর খবরের সত্যতা ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, আইআরজিসি প্রধান হোসেন সালামি নিহত হওয়ার পর মোহাম্মদ পাকপুর স্থল শাখার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যু ইরানের সামরিক শক্তির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments