Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা অভিযান শুরু করেছে ইরান। এই ধারাবাহিক হামলায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক বাংলাদেশিসহ ৩ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন।

ইসরায়েলের সংবাদমাধ্যম 'দ্য টাইমস অব ইসরায়েল' এবং আমিরাতের সংবাদমাধ্যম 'খালিজ টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের আকাশসীমায় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলা চলাকালে মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের প্রতিরক্ষা বাহিনী। তবে ড্রোনের ধ্বংসাবশেষ এবং কিছু মিসাইল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পড়ায় এই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিশেষ করে আমিরাতের গুরুত্বপূর্ণ জায়েদ বন্দরে হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের মিত্র দেশগুলোর ওপর বড় ধরনের এই ‘প্রতিশোধমূলক’ অভিযান শুরু করেছে ইরান। এর ফলে পুরো অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই