Image description

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন শহরের একটি পানশালায় (বার) বন্দুকধারীর ভয়াবহ হামলায় অন্তত দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের সিক্সথ স্ট্রিট এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানিয়েছেন, হামলাকারী এনদিয়েগা ডায়াগন (৫৩) একটি এসইউভি গাড়ি নিয়ে ‘বুফোর্ডস ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেন’ নামের পানশালার সামনে কয়েকবার চক্কর দেন। একপর্যায়ে তিনি গাড়ির জানালা দিয়ে বাইরে থাকা মানুষের ওপর পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। এরপর গাড়ি থামিয়ে রাইফেল হাতে নেমে পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরবর্তীতে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী এনদিয়েগা নিহত হন।

এদিকে, এই ঘটনাকে সম্ভাব্য ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যালেক্স ডোরান জানিয়েছেন, হামলাকারীর গাড়ি ও পোশাকে এমন কিছু আলামত পাওয়া গেছে যা সরাসরি সন্ত্রাসবাদের ইঙ্গিত দেয়। তবে এটি কোনো গোষ্ঠীগত বা ঠিক কী ধরনের সন্ত্রাসবাদ, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি সংস্থাটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার মাত্র এক দিন পরই টেক্সাসে এই হামলার ঘটনা ঘটল। গোয়েন্দা সংস্থাগুলো এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হামলার বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

মানবকণ্ঠ/আরআই