Image description

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় আসছেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে এটা তাঁর প্রথম বাংলাদেশ সফর। ঢাকা সফরের সময় তিনি কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। 

তিন দিনের সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রসঙ্গগুলো আলোচনায় আসবে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা, ভিসার মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় মার্কিন দূতাবাস আগামী ৩ থেকে ৫ মার্চ পল কাপুরের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

খসড়া সূচি অনুযায়ী, পল মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। ৪ মার্চ তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করবেন। 

এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

পরে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে। এর পর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।