দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার চতুর্থ দিন আজ মঙ্গলবার (৩ মার্চ) স্পষ্ট বক্তব্য দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরাইলি প্রতিপক্ষকে বলেছেন, বেইজিং ইরানের ওপর হামলার বিরোধী।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তার ইসরাইলি প্রতিপক্ষ গিডিয়ন সার-এর সঙ্গে এক ফোনালাপে এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, বেইজিং ইরানের ওপর সামরিক হামলার বিরুদ্ধে।
তেহরানের ঘনিষ্ঠ সহযোগী বেইজিং ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, গিডিয়নের সঙ্গে আলাপকালে ওয়াং সরাসরি কঠোর নিন্দা জানানো থেকে বিরত থাকলেও বলেছেন যে, চীন ‘আলোচনা ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে।
ওয়াং বলেন, সাম্প্রতিক ইরান-মার্কিন আলোচনায় সুস্পষ্ট অগ্রগতি হচ্ছিল, দুর্ভাগ্যবশত, গুলির লড়াইয়ে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে।
মার্কিন-ইসরাইলি সামরিক হামলার বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে ওয়াং বলেন, ‘শক্তি দিয়ে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। উল্টো এটি কেবল নতুন সমস্যা এবং ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া বয়ে আনবে।’
তিনি আরও বলেন, সংঘাত যাতে আরও ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে।




Comments