Image description

যুক্তরাষ্ট্র চাইলে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তবে ইরান তাতে মোটেও ভীত নয় এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) বিকেলে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম বিশ্বের ভূমিকা এবং ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি।

বক্তব্যের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে (শাহাদাত) গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আমি প্রথমেই আমাদের মহান নেতা ও মুজাহিদের শাহাদাত উপলক্ষে শোক জানাচ্ছি। আমাদের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ চলাকালেও কোথাও আশ্রয় নেননি, তিনি জনগণের সাথেই ছিলেন এবং জনগণের মাঝেই শাহাদাত বরণ করেছেন।’

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের ইতিহাসেই একজন নেতা (শাহ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনগণকে রেখে পালিয়ে গিয়েছিলেন। তিনি আমেরিকায় চলে গেলেও পরে নিষ্ঠুরভাবে নিহত হন। কিন্তু খামেনি জনগণের থেকে দূরে যাননি।’

আমেরিকার কঠোর সমালোচনা করে রাষ্ট্রদূত জাহনাবাদি বলেন, ‘আমেরিকানরা চায় আমরা যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকি। তাদের চাওয়া হলো পৃথিবীতে শুধু তারাই পরমাণু কর্মকাণ্ড চালাবে, কিন্তু ইরান তা পারবে না—এটি আমরা মানব না।’

রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি পরিষ্কার করেন যে, চীনের সাথে ইরানের কোনো সরাসরি প্রতিরক্ষা চুক্তি নেই যে তারা এই পরিস্থিতিতে পাশে এসে দাঁড়াবে। তবে রাশিয়া ও চীনের সাথে সামরিক চুক্তি রয়েছে যার মাধ্যমে ইরান অস্ত্র ক্রয় করেছে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ব্যবহারের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকা ইতিপূর্বে দুইবার পারমাণবিক বোমা ব্যবহার করেছে। তারা চাইলে তৃতীয়বারও ব্যবহার করতে পারে। কিন্তু আমরা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত। আমরা কোনোভাবেই তাদের কাছে মাথা নত করব না এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব।’

বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে ইরানের প্রতি যে সহমর্মিতা জানিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’ এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন এবং জানান যে ইরান সরকার তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

মানবকণ্ঠ/আরআই