ট্রু প্রমিজ ৪
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ অভিযান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯তম ধাপের বড় মাত্রার হামলা শুরু করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই নতুন অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ফোর’।
বার্তা সংস্থা রয়টার্স, ইরানের প্রেস টিভি এবং তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।
এদিকে, এই সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। কুয়েতের মুবারক আল-কাবির বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ট্যাংকারটির কার্গো থেকে প্রচুর পরিমাণে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে, যা বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। এছাড়া নিরাপত্তার খাতিরে কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পাল্টা ব্যবস্থা হিসেবে গত শনিবার থেকে ইরানের অন্তত ১৫০টি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে একাধিক বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী মূলত ইরানের সামরিক সদর দপ্তর এবং রাজনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই বিমান হামলা পরিচালনা করছে।
মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments