Image description

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ছয় দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এই গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে নিশ্চিত করেছেন জয়শঙ্কর।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর দিনও আরাগচির সঙ্গে কথা বলেছিলেন জয়শঙ্কর। আজকের আলাপচারিতার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও জয়শঙ্কর লিখেছেন, ‘আজ বিকেলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোন কনফারেন্স হয়েছে।’ এর ১১ মিনিট আগে অপর এক পোস্টে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদির সঙ্গেও পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনার কথা জানান।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই ফোনালাপ বাড়তি গুরুত্ব পাচ্ছে গতকাল ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ বিধ্বস্ত হওয়ার ঘটনায়। জাহাজটি ভারতের বিশাখাপত্তনমে একটি নৌ-মহড়া শেষ করে ফেরার পথে শ্রীলঙ্কার গালের কাছে বিধ্বস্ত হয়। এতে অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে, যদিও শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের সাবমেরিন হামলার মাধ্যমে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-এইটিন জানিয়েছে, এই ঘটনার পর ইরানের দ্বিতীয় আরেকটি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পৌঁছেছে এবং জরুরিভিত্তিতে বন্দরে ভিড়তে দেওয়ার আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির ফোনালাপে জয়শঙ্কর মধ্যপ্রাচ্যে সংঘাত কমাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। তবে যুদ্ধজাহাজডুবি এবং সংঘাতের বিস্তৃতি ভারতকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলেছে, বিশেষ করে যখন আক্রান্ত জাহাজটি ভারত থেকে মহড়া শেষ করে ফিরছিল।

মানবকণ্ঠ/ডিআর