ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি দাবি করেছে যে দুই আসনের একটি মার্কিন যুদ্ধবিমান তাদের আকাশসীমার কাছাকাছি লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তা ধ্বংস হয়েছে। তবে এই ঘটনাটি ঠিক কখন বা কোথায় ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ইরান পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে এই দাবির সত্যতা অস্বীকার করেছে। সেন্টকম জানায়, “বুধবার সকালে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হওয়ার যে খবরটি ছড়িয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়। এটি একটি ভিত্তিহীন গুজব।”
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের পাল্টাপাল্টি দাবি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments