Image description

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের ষষ্ঠ দিনে এসে ভয়াবহ আর্থিক ক্ষতির হিসাব মেলাতে শুরু করেছে ইসরায়েল। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান এই সংঘাতের কারণে প্রতি সপ্তাহে ইসরায়েলকে প্রায় ৯০০ কোটি সেকেল (ইসরায়েলি মুদ্রা) মাশুল দিতে হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এই ক্ষতির পরিমাণ ৩৫ হাজার ৮৩৪ কোটি টাকারও বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলজুড়ে ‘রেড লেভেল’ বা সর্বোচ্চ সতর্কতা জারি ছিল। এর ফলে সাধারণ মানুষের কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয় এবং স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। মূলত উৎপাদন বন্ধ থাকা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় এই বিপুল ক্ষতির মুখে পড়েছে দেশটি।

তবে আজ বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির আশায় সতর্কতার মাত্রা ‘রেড লেভেল’ থেকে কমিয়ে ‘অরেঞ্জ লেভেলে’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। এতে বিধিনিষেধ কিছুটা শিথিল হবে এবং সাধারণ মানুষ কাজে ফেরার সুযোগ পাবে।

ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় আশা করছে, সতর্কতার মাত্রা কমলে আর্থিক ক্ষতির পরিমাণও কিছুটা হ্রাস পাবে। তবে বিধিনিষেধ শিথিল করা হলেও ক্ষতির অঙ্কটা একেবারে কম হবে না। ‘অরেঞ্জ লেভেলে’ থাকলেও প্রতি সপ্তাহে ইসরায়েলকে প্রায় ৪৩০ কোটি সেকেল মাশুল গুনতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার কোটি টাকারও বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের অভ্যন্তরীণ অর্থনীতি বড় ধরনের ধসের মুখে পড়তে পারে, যার প্রভাব পড়বে দেশটির দীর্ঘমেয়াদী উন্নয়ন ও প্রতিরক্ষা বাজেটে।

মানবকণ্ঠ/ডিআর