Image description

ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে বিমানবন্দরের ভেতরে জ্বলন্ত বিমান এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। 

তেহরানের ব্যস্ততম অভ্যন্তরীণ বিমান চলাচলের কেন্দ্র হিসেবে পরিচিত এই বিমানবন্দরটিতে স্থানীয় সময় শুক্রবারের (৫ মার্চ) স্যাটেলাইট ছবিতেও বেশ কয়েকটি বিমান অবস্থান করতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।
 
ইসরায়েলি সেনাবহিনী জানিয়েছে, তারা ইরানে “বিস্তৃত পরিসরে নতুন করে হামলা” শুরু করেছে। এর আগে গত ৪ মার্চ একই বিমানবন্দর লক্ষ্য করে হামলার কথা জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ওই অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকিস্বরূপ প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির বা রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট অংশও ছিল।

নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।

এদিকে ইসরাইলজুড়ে নতুর করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার সকালে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর করতে কাজ করছে।

সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা পেয়েছেন।
 
তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা