Image description

মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ইরানের বড় ধরনের সফল হামলার খবর পাওয়া গেছে। জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD)-এর একটি গুরুত্বপূর্ণ রাডার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এই ধ্বংসযজ্ঞের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিধ্বস্ত এই রাডারটির বাজারমূল্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার (৩০০ মিলিয়ন ডলার)।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের ‘মুওয়াফাক সালতি’ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন প্রতিরক্ষা কোম্পানি ‘আরটিএক্স কর্পোরেশন’ নির্মিত ‘এএন/টাইপ-২’ রাডারটি আনুষঙ্গিক সরঞ্জামসহ ধ্বংস হয়েছে। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের শুরুর দিকে এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যমগুলো বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা থেকে পাওয়া ধ্বংসপ্রাপ্ত রাডারের ছবি প্রকাশ করেছে।

একজন মার্কিন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই রাডারটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিগুলো পরিচালনার জন্য অত্যন্ত অপরিহার্য ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই থাড রাডারটি ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল ‘কৌশলগত ক্ষতি’। এর আগে জর্ডানে হওয়া হামলা প্রতিহত করার দাবি করা হলেও বাস্তবে রাডারটি রক্ষা করা সম্ভব হয়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর বিশেষজ্ঞ টম কারাকো জানান, পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র আটটি ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি পূর্ণাঙ্গ ‘থাড’ সিস্টেমের দাম প্রায় ১০০ কোটি ডলার, যার এক-তৃতীয়াংশ খরচ হয় শুধু রাডারটির পেছনেই। জর্ডানে রাডারটি বিধ্বস্ত হওয়ায় ব্যাকআপ হিসেবে আমেরিকার হাতে এই মুহূর্তে আর কোনো বাড়তি রাডার নেই।

উল্লেখ্য, থাড বা ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বায়ুমণ্ডলের শেষ প্রান্তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও নির্ভুল। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষার পুরো দায়িত্ব এখন ‘প্যাট্রিয়ট’ সিস্টেমের ওপর পড়বে। তবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদও বর্তমানে অনেক কম থাকায় পেন্টাগন দ্রুত উৎপাদন বাড়াতে বড় বড় প্রতিরক্ষা ঠিকাদারদের সাথে জরুরি বৈঠক শুরু করেছে।

মানবকণ্ঠ/ডিআর