ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম সংঘাতের আবহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। সোমবার ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ' এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করলে বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন—এমন জল্পনা ছড়িয়ে পড়েছে। ইহুদি রাষ্ট্রটির পক্ষ থেকে এই বিষয়টিকে 'যুদ্ধকালীন গুজব' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাসনিমের ফার্সি প্রতিবেদনেও নেতানিয়াহুর ওপর হামলার কোনো অকাট্য প্রমাণ বা দাপ্তরিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, খবরটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করা হয়নি।
প্রতিবেদনটি মূলত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে, ইরান নেতানিয়াহুর গোপন আস্তানায় শক্তিশালী বোমা হামলা চালিয়েছে, যাতে তার ভাইও নিহত হয়েছেন।
সংঘাতের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক হামলা চালাচ্ছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলেও অসমর্থিত খবর পাওয়া গেছে। খামেনি হত্যার প্রতিবাদে ইরান ইতিমধ্যে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে কঠোর হুঁশিয়ারি দিয়ে পাল্টা হামলা শুরু করেছে।
একই সময়ে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ জোরদার করেছে। অন্যদিকে ইসরায়েলও লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই বহুমুখী যুদ্ধের আবহে নেতানিয়াহুর মৃত্যুর খবরটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments