Image description

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং জ্বালানি সাশ্রয় করতে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য ‘হোম অফিস’ বা বাসা থেকে কাজ করার নির্দেশনা জারি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও ভিয়েতনাম।

থাই কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে যেসব ক্ষেত্রে সম্ভব, সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ মজুত ঠিক রাখতে তেল রপ্তানি স্থগিত করেছে ব্যাংকক। আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ বাথের (থাই মুদ্রা) নিচে বেঁধে দেওয়া হয়েছে।

প্রতিবেশী দেশ ভিয়েতনামেও জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে দেশটিতে পেট্রোলের দাম এক ধাক্কায় ২০ শতাংশের বেশি বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হ্যানয় সরকার কোম্পানিগুলোকে তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি কমিয়ে নাগরিকদের সাইকেল বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্বালানির এই তীব্র সংকটের কারণে মঙ্গলবার ভিয়েতনামের ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। দুই দেশই মনে করছে, যাতায়াত কমিয়ে এবং বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহারে মিতব্যয়ী হয়ে এই সংকট মোকাবিলা করা সম্ভব।

মানবকণ্ঠ/আরআই