Image description

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। তিনি মারা গেছেন বলে দাবি করা প্রতিবেদনগুলো সত্য নয়। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার তার প্রথম বিবৃতিতে, মায়ের মৃত্যুর কথা উল্লেখ না করার পরে এই তথ্য সামনে আসে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান যুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন। পরের দিনগুলোতে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, তার স্ত্রীও সেই হামলায় নিহত হয়েছেন।

খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ বেশিরভাগ সময়েই জনসাধারণের দৃষ্টি থেকে দূরে থাকতেন এবং ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত সদস্যদের একজন।

বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আলী খামেনি ছাড়াও, তার পুত্রবধূ, জামাই, মেয়ে এবং নাতি-নাতনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হামলায় নিহত হন।

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম জনসাধারণের ভাষণে মোজতবা খামেনি মিনাব স্কুলে হামলায় নিহত শিশুসহ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে নিহত ইরানিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেন।

তার বিবৃতিতে, যা একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছিল, মোজতবা যুদ্ধের বিষয়ে তেহরানের অবস্থানের রূপরেখাও তুলে ধরেন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কথাও জানান।