মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান আত্মসমর্পণ করার দ্বারপ্রান্তে রয়েছে। গত বুধবার জি-৭ নেতাদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে।
বৈঠকে ট্রাম্প ইরানকে অঞ্চলের জন্য একটি 'ক্যানসার' হিসেবে অভিহিত করে বলেন, "আমরা সবাই মিলে এক ভয়াবহ হুমকি থেকে মুক্তি পেয়েছি।" তিনি ইরানে মার্কিন সামরিক অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্যের কথা উল্লেখ করে গর্ব প্রকাশ করেন। ট্রাম্প আরও দাবি করেন, বর্তমানে ইরানের নেতৃত্বের কোনো ঠিক নেই, তাই সেখানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ঘোষণা করার মতোও কাউকে পাওয়া যাচ্ছে না। যদিও এই বক্তব্যের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। যুদ্ধের ১৪তম দিনে ইরাকের আকাশসীমায় একটি মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন।
তবে তেহরান আত্মসমর্পণের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনোভাবেই যুদ্ধবিরতি বা আত্মসমর্পণ করবে না, বরং এই যুদ্ধের সমাপ্তি তারাই নির্ধারণ করবে। এদিকে ট্রাম্প ইরানি নেতাদের "উন্মাদ" বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments