ইরানের সাথে যুদ্ধে সুইজারল্যান্ড থেকে দুটি গোয়েন্দা বিমান উড্ডয়নের জন্য অনুরোধ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সুইস ফেডারেল কাউন্সিল "নিরপেক্ষতা আইন" উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
কাউন্সিলের লিখিত বিবৃতি
সুইস ফেডারেল কাউন্সিল এ বিষয়ে এক লিখিত বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বিমানের বিভিন্ন উড্ডয়নের অনুরোধ পর্যালোচনা করে ফেডারেল কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে। এতে উল্লেখ করা হয়, ইরান যুদ্ধ-সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। তবে একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং পরিবহন বিমানের জন্য করা দুটি অনুরোধ অনুমোদন দেওয়া হয়েছে।
"নিরপেক্ষতা আইন প্রয়োগ করা হচ্ছে"
বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে লক্ষ্যবস্তু করা শুরু করার পর মধ্যপ্রাচ্যে সহিংস সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পরিস্থিতির ক্ষেত্রে সুইজারল্যান্ড তার “নিরপেক্ষতা আইন” প্রয়োগ করছে বলে জানানো হয়েছে।
এই প্রেক্ষাপটে বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক ও রাষ্ট্রীয় বিমানের জন্য বিভিন্ন ফ্লাইট অনুমতির অনুরোধ জমা পড়েছে। এসব অনুরোধ পর্যালোচনা করে ফেডারেল অফিস অফ সিভিল এভিয়েশন (FOCA)।
এ সময় তারা ফেডারেল ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স, ফেডারেল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, সিভিল প্রোটেকশন অ্যান্ড স্পোর্টস এবং ফেডারেল ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ–এর সঙ্গে পরামর্শ করে। পাশাপাশি দেশের আকাশসীমার সার্বভৌমত্ব সুরক্ষার নিয়মের ভিত্তিতেই এসব অনুরোধ মূল্যায়ন ও সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
"সামরিক বিমান চলাচল নিষিদ্ধ"
বিবৃতিতে বলা হয়েছে, "ফেডারেল কাউন্সিল তার নিরপেক্ষতা বজায় রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়। নিরপেক্ষতা আইন সংঘাতে জড়িত দেশগুলির দ্বারা সংঘাতের সাথে সম্পর্কিত সামরিক বিমান চালানো নিষিদ্ধ করা হয়েছে। তবে আহতদের পরিবহনসহ মানবিক এবং চিকিৎসা পরিষেবা, সেইসাথে সংঘাতের সাথে সম্পর্কিত নয় এমন বিমান চালানোর অনুমতি রয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৫ মার্চ দুটি গোয়েন্দা বিমানের উড্ডয়নের অনুমতির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেডারেল কাউন্সিল। তবে ১৭ মার্চ নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর একটি উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ মার্চ পরিবহন বিমানের মাধ্যমে দুটি উড্ডয়নের অনুরোধ অনুমোদন করা হয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতের আবেদনের জন্য ফেডারেল কাউন্সিল কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। সেখানে বলা হয়েছে, সংঘাতের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই—এমন ভবিষ্যৎ অনুরোধ অনুমোদিত হবে। তবে স্বাভাবিক কার্যক্রমের তুলনায় যদি ফ্লাইটের সংখ্যা বেশি হয় এবং সেই ফ্লাইটের উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করা না যায়, তাহলে সেগুলো প্রত্যাখ্যান করা হবে। অন্যদিকে আহতদের পরিবহনসহ মানবিক ও চিকিৎসা সহায়তার ফ্লাইটের অনুরোধ অনুমোদন করা হবে।
এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্পষ্টভাবে সংজ্ঞায়িত রাষ্ট্রীয় বিমানের জন্য যুক্তরাষ্ট্র বার্ষিক অনুমতির আবেদন অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতে সামরিক সহায়তা প্রদানকারী রাষ্ট্রীয় বিমানগুলো এই সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে।




Comments