Image description

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর নিয়ে বিশ্বজুড়ে যে রহস্য তৈরি হয়েছিল, তার জবাব দিলেন তিনি নিজেই। একটি ভিডিও বার্তায় তাঁকে একটি ক্যাফেতে বসে খোশমেজাজে কফি পান করতে দেখা গেছে। নিজের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে হিব্রু ভাষার একটি মজার শব্দের মাধ্যমে উড়িয়ে দিয়েছেন তিনি।

ভিডিওটি নেতানিয়াহুর নিজস্ব টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির সত্যতা যাচাই করেছে। তারা ক্যাফের ভেতরের দৃশ্য এবং নেতানিয়াহুর গতিবিধি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, ভিডিওটি গত রোববার (১৫ মার্চ) জেরুজালেম শহরের নিকটবর্তী একটি এলাকায় ধারণ করা।

ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু তাঁর একজন সহকারীর সঙ্গে আলাপ করছেন। এক পর্যায়ে সহকারী তাঁকে প্রশ্ন করেন, ‘ইরানি সংবাদমাধ্যমে আপনার মৃত্যু নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, সে বিষয়ে আপনার মন্তব্য কী?’ জবাবে নেতানিয়াহু সহাস্যে কফির কাপ হাতে নিয়ে বলেন, ‘আমি কফির জন্য পাগল (হিব্রু শব্দ 'ডেড'), আমি আমার জনগণের জন্যও পাগল।’

উল্লেখ্য, হিব্রু কথ্য ভাষায় ‘ডেড’ শব্দটি কেবল মৃত্যু নয়, বরং কোনো কিছুর প্রতি চরম আসক্তি বা প্রচণ্ড ভালোবাসা বোঝাতেও ব্যবহার করা হয়। নেতানিয়াহু সুকৌশলে এই শব্দটি ব্যবহার করে একদিকে যেমন কফির প্রতি তাঁর পছন্দের কথা জানিয়েছেন, তেমনি তিনি যে বেঁচে আছেন এবং সুস্থ আছেন—সে বার্তাও বিশ্বকে দিয়েছেন।

নেতানিয়াহু সাধারণত গণমাধ্যমে খুব একটা সাক্ষাৎকার দেন না। এমনকি যুদ্ধ শুরুর পর গত বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। এর পরেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল যে, তিনি হামলায় নিহত বা আহত হয়েছেন। কিন্তু এই ভিডিও বার্তার মাধ্যমে তিনি সেই জল্পনার অবসান ঘটালেন।

বর্তমানে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই কঠিন সময়ে নেতানিয়াহু সচেতনভাবেই জনসম্মুখে তাঁর উপস্থিতির প্রমাণ দিলেন।

মানবকণ্ঠ/আরআই