Image description

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের ওপর ইসরায়েলের বিধ্বংসী হামলার ধারাবাহিকতায় এবার প্রাণ হারালেন দেশটির প্রভাবশালী গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। বুধবার (১৮ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রীর নিহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অত্যন্ত আবেগঘন কণ্ঠে তাঁর সহকর্মীদের হারানোর খবর জানান। তিনি লিখেছেন, “আমার অত্যন্ত প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহর সাথে তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সঙ্গীদের এমন কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে শোকাহত করেছে।”

এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। এবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের মধ্য দিয়ে ইরান সরকার তার মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন সদস্যকে হারাল।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আগেই দাবি করেছিল যে, তারা ইরানের ভেতরে রাতভর এক বিশেষ ও সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। সেই অভিযানেই গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্যবস্তু করা হয় এবং তাঁকে হত্যা করা সম্ভব হয়েছে বলে তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছিল।

সামরিক বিশ্লেষকদের মতে, একই সাথে গোয়েন্দা প্রধান, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার মৃত্যু ইরানের প্রতিরক্ষা ও প্রশাসনিক কাঠামোর জন্য এক নজিরবিহীন বিপর্যয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনার পর তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ ও রক্তক্ষয়ী মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

মানবকণ্ঠ/আরআই