Image description

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ‘ফোর্ট লেসলি জে. ম্যাকনেয়ার’-এর আকাশে রহস্যময় ড্রোন শনাক্ত করা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বসবাস করায় বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনের মধ্যে একাধিকবার ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটির ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যেতে দেখা গেছে। এই ঘাঁটিটি হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল থেকে মাত্র ৩.২ কিলোমিটার (২ মাইল) দূরে অবস্থিত। এখানে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এবং পেন্টাগনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা সপরিবারে বসবাস করেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এই এলাকায় স্থানান্তরিত হয়েছেন।

ড্রোন শনাক্তের ঘটনার পর হোয়াইট হাউসে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ড্রোনগুলো কোথা থেকে এসেছে এবং কারা এগুলো পরিচালনা করছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে ওই ঘাঁটি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চললেও তারা এখনো নিজেদের বাড়ি ছাড়েননি বলে জানা গেছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের অন্যান্য সামরিক ঘাঁটির তুলনায় ফোর্ট ম্যাকনেয়ারের নিরাপত্তা বেষ্টনী কিছুটা দুর্বল। বর্তমানে ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে সামরিক বাহিনী সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় উচ্চ সতর্কতায় রয়েছে। ড্রোন অনুপ্রবেশের এই ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে মার্কিন প্রশাসন।

ইতিমধ্যে ওই এলাকার আকাশে নজরদারি বাড়ানো হয়েছে এবং পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ড্রোনগুলোর উৎস সন্ধানে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর