Image description

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ইরানের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হতে পারে। মূলত বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তিনি আরও জানান, প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও তেল বাজারে ছাড়তে প্রস্তুত রয়েছে। তবে এই শিথিলতা ঠিক কীভাবে এবং কবে নাগাদ কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ছয়টি প্রভাবশালী দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জানায়, তারা এই অঞ্চলে জাহাজের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্ব অর্থনীতিকে জ্বালানি সংকটের হাত থেকে রক্ষা করতেই মার্কিন প্রশাসনের এই নীতিগত পরিবর্তন ও আন্তর্জাতিক জোটের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

মানবকণ্ঠ/ডিআর