Image description

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা চরম রূপ নিয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে ইসরায়েলের কেন্দ্রস্থলে সরাসরি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরান। দফায় দফায় ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত হয়ে ওঠে ইসরায়েলের বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই ভয়াবহ হামলার খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ‘দেশের কেন্দ্রস্থলে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বর্তমানে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ উদ্ধারকারী ও পুনরুদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’ তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইডিএফ।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত চার দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরানের বিশেষ ‘ক্লাস্টার মিসাইল’ (Cluster Missile) ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। হামলার আগাম সংকেত হিসেবে পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। আইডিএফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্রে (Shelters) অবস্থানের নির্দেশ দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সক্রিয় রয়েছে এবং ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। ক্রমাগত এই হামলা ও পাল্টা প্রতিরোধের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধাবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই সরাসরি আক্রমণ সংঘাতকে এক নতুন ও অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যেতে পারে।

মানবকণ্ঠ/ডিআর