Image description

আজ শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন র‍্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া বালেন্দ্র শাহ। শপথ নেওয়ার আগের দিনই একটি গান প্রকাশ করেছেন তিনি। গানের মাধ্যমে নেপালের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 

গানের একটি লাইনের কথা এ রকম—‘অবিভক্ত নেপালি, এবার ইতিহাস তৈরি হচ্ছে।’ গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ২০ লাখের বেশি মানুষ দেখেছে।

এই গান বালেন্দ্রকে তাঁর র‍্যাপার জীবনের কথা মনে করিয়ে দেয়, যেখানে তিনি সংগীতের মাধ্যমে নেপালের দুর্নীতি ও সামাজিক সমস্যার বিরুদ্ধে কথা বলতেন। কাঠমান্ডুর মেয়র হিসেবে মাত্র তিন বছর দায়িত্ব পালনের পর শাহ ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’–এর (আরএসপি) সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এই মাসের সাধারণ নির্বাচনে অংশ নেন।

গত বছরের যুব-নেতৃত্বাধীন আন্দোলনের পর দেশের প্রথম নির্বাচনে বিশাল জয়ের পর তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে ৩৫ বছর বয়সী এই নেতার প্রতিশ্রুতি বেশ সাড়া ফেলে।

বালেন্দ্রের সমর্থকরা তাঁকে পরিবর্তনের প্রতীক ও নেপালের পুরোনো রাজনৈতিক গোষ্ঠীর ব্যর্থতা থেকে মুক্তির পথপ্রদর্শক হিসেবে দেখছেন। তবে চার বছরের পুরোনো দল আরএসপি তাদের সাহসী প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে কি না, তা নিয়ে কারও কারও মনে সংশয় রয়েছে।