সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন। বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে কয়েক দফায় এই হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলায় সৌদি আরবের ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটি লক্ষ্য করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এতে ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এর আগে পৃথক কয়েকটি হামলায় আরও ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিলেন।
সূত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, এই হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার ফলে বিমান ঘাঁটির বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এর সঠিক পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে ইরানের এমন সরাসরি হামলা ওই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলতে পারে। বিশেষ করে সৌদি আরবের মতো ঘনিষ্ঠ মিত্রের মাটিতে মার্কিন ঘাঁটিতে হামলা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে।
তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সৌদি আরব সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই
মানবকণ্ঠ/আরআই




Comments