ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না, সোজাসুজিই জানিয়ে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা আছে কি না - এ নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টারমার বলেন, ‘এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াব না।’
এর আগেও অবশ্য ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ও ইসরায়েলের দিক থেকে ইরানে হামলা চালানোর প্রশ্নে এমন উত্তরই দিয়েছিলেন কিয়ের স্টারমার। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা ও কটুক্তির শিকার হতে হয়েছে স্টারমার ও যুক্তরাজ্যকে।
কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী এবারও তাঁর অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিচ্ছে, যাতে ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, যুক্তরাজ্যের স্বার্থ এবং আমাদের আঞ্চলিক মিত্রদের সুরক্ষা’ নিশ্চিত করা যায়।
স্টারমার আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য চেষ্টা করবে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।’




Comments