Image description

ইতিহাসের পাতায় যাদের পূর্বপুরুষরা একসময় বাংলা, বিহার ও ওড়িশা শাসন করতেন, মঙ্গলবার সময়ের বিবর্তনে তাদেরই লড়তে হচ্ছে নাগরিকত্বের লড়াইয়ে। মুর্শিদাবাদের নবাব বংশের অন্যতম উত্তরসূরি মীর জাফরের প্রায় ৩৪৬ জন বংশধরের নাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে এখন ট্রাইব্যুনালের বারান্দায় ঘুরতে হচ্ছে রাজবংশের এই উত্তরসূরিদের।

বিশেষ নিবিড় পুনর্বিবেচনার (এসআইআর) পর মুর্শিদাবাদের লালবাগ নব আদর্শ হাই স্কুলের ১২১ নম্বর বুথের ভোটারদের নাম ২০২৫ সাল পর্যন্ত ‘বিচারাধীন’ রাখা হয়েছে। চূড়ান্ত তালিকায় দেখা গেছে, ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত ৮২ বছর বয়সী সৈয়দ রেজা আলী মীরজাসহ তার পরিবারের ৯ জন সদস্যের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। বাদ পড়া সদস্যদের মধ্যে রয়েছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ ফাহিম মীরজাও।

ক্ষোভ প্রকাশ করে সৈয়দ রেজা আলী মীরজা বলেন, “শুনানির সময় সব বৈধ নথিপত্র দেখানোর পরেও আমাদের পুরো পরিবারের নাম গায়েব করে দেওয়া হয়েছে। একটা সময় আমাদের পূর্বপুরুষরা প্রজাদের বিচার করতেন, আর আজ আমাদেরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।”

নবাব পরিবারের সদস্যরা দাবি করেন, দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলী মীরজা পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভারতেই থেকে গিয়েছিলেন। এমনকি স্বাধীনতার পর মুর্শিদাবাদ তিন দিনের জন্য পাকিস্তানের অংশ হলেও তাদের পরিবারের হস্তক্ষেপেই তা ভারতের অন্তর্ভুক্ত হয়।

আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে পরিবারটি মনে করছে, এবার হয়তো তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এই বিষয়ে মুর্শিদাবাদের জেলা প্রশাসক আর অর্জুন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের ট্রাইব্যুনালে যাওয়ার আইনি পরামর্শ দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মানবকণ্ঠ/আরআই