হরমুজ প্রণালির অবরোধ এবং এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ে মিত্র দেশগুলোকে এক কঠোর ও সোজাসাপ্টা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেসব দেশ জ্বালানি সংকটে ভুগছে, তাদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
যুক্তরাজ্যের মতো দেশগুলোর উদাহরণ টেনে ট্রাম্প লিখেছেন, তাদের উচিত ‘সাহস সঞ্চয় করা, প্রণালিতে যাওয়া এবং যা দরকার তা নিয়ে নেওয়া।’ তিনি আরও উল্লেখ করেন যে, দেশগুলোকে এখন থেকে নিজেদের লড়াই নিজেদেরই করতে শিখতে হবে। ট্রাম্পের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র আর আগের মতো সাহায্য করতে সেখানে থাকবে না—ঠিক যেমন অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রয়োজনের সময় পাশে ছিল না।
ট্রাম্পের এই ক্ষোভের মূল কারণ ইরান ইস্যুতে কিছু মিত্র দেশের অনীহা। তিনি সেই দেশগুলোর সমালোচনা করেছেন যারা ইরান বিরোধী অভিযানে সরাসরি সম্পৃক্ত হতে অস্বীকার করেছিল। ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক পদক্ষেপের ফলে ‘ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে’ এবং যুদ্ধের ‘কঠিন কাজগুলো’ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
পোস্টের শেষে তিনি মিত্রদের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়ে লেখেন, ‘নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!’ অর্থাৎ, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ওয়াশিংটন আর কোনো দেশের হয়ে তেলের নিরাপত্তা বা প্রহরীর ভূমিকা পালন করবে না বলে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
মানবকণ্ঠ/আরআই




Comments