Image description

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শেষ দফার এই হামলায় তারা ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করেছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় শুধু ইসরায়েল নয়, লক্ষ্যবস্তু করা হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটি। কুয়েতের ওই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিটে হামলা চালিয়ে একটি হেলিকপ্টার ধ্বংস করার দাবিও করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই অভিযান ‘পূর্ণ তীব্রতা ও শক্তি’ নিয়ে অব্যাহত থাকবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি এবং ইসরায়েলি তৎপরতার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সূত্র: আল-জাজিরা

মানবকণ্ঠ/আরআই