Image description

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং তিন সেনাসদস্যসহ আরও ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত বুজুম্বুরার মুসাগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান ওই গোলাবারুদ ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটতে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের সবাই সাধারণ নাগরিক এবং বিস্ফোরণের সময় তারা আশপাশের এলাকায় অবস্থান করছিলেন।

বিস্ফোরণের তীব্রতায় ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এলাকায় তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। বুরুন্ডি সরকার এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই