ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক হামলার হুমকির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া বার্তার পর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় এই উলম্ফন ঘটেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬.৭ শতাংশ বেড়ে ১০৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৬.৪৫ ডলারে দাঁড়িয়েছে।
তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবকে। ইরানকে উদ্দেশ্য করে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের (ইরান) ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের ঠিক সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত ছিল।"
ট্রাম্পের এই মন্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যারা আশা করেছিলেন যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আসবে, তারা এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর থেকে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এর মধ্যে ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালি' বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ সংকটের শঙ্কা আরও তীব্র হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
মানবকণ্ঠ/ডিআর




Comments