ইসরায়েলি বাহিনী স্থল অভিযান এগিয়ে যাওয়ার অংশ হিসেবে দক্ষিণ লেবাননকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার জন্য দেশটির আরও সেতু ধ্বংস করার হুমকি দিয়েছে। আল জাজিরা
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহারের অভিযোগে সেনাবাহিনী পশ্চিম বেকা উপত্যকার লিতানি নদীর ওপর অবস্থিত সোহমোর ও মাশঘারা সেতুতে বোমা হামলার পরিকল্পনা করছে।
এগুলো হলো দুটি প্রধান সেতু – লেবাননের বাকি অংশ এবং পশ্চিম বেকা অঞ্চলের মধ্যে পণ্য, মানুষ ও চলাচলের প্রধান সংযোগকারী পথ।
আল জাজিরার প্রতিবেদক বলছেন, এই সেতুগুলো ধ্বংস হয়ে গেলে পশ্চিম বেকা কার্যত লেবাননের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর ফলে পশ্চিম বেকা উপত্যকায় প্রবেশ করে প্রধান কেন্দ্র শতৌরায় পৌঁছানো, হাসপাতাল ও অন্যান্য জনসেবামূলক পরিষেবা গ্রহণ করা মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
তিনি আরও জানান, মার্চের শুরুতে লেবাননে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল অভিযান শুরুর পর থেকে দেশটি লিতানি নদীর ওপর অন্তত আরও ছয়টি সেতু ধ্বংস করেছে ।
এদিকে দক্ষিণ লেবানন জুড়ে সেতু ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলার তীব্র নিন্দা করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে, ইসরায়েল অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর শুরু করা ক্রমবর্ধমান স্থল অভিযানও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ ইসরায়েলি নেতারা বহু আবাসিক বাড়িঘর ভেঙে ফেলার পরিকল্পনার কথা জানিয়েছেন ।
আল জাজিরার প্রতিবেদক আরও জানান, ইসরায়েলি সৈন্যরা দেশের দক্ষিণাঞ্চলের এই শহর ও গ্রামগুলোতে তাদের নিয়ন্ত্রণ সুসংহত করার চেষ্টা করার ফলে, … তারা প্রকৃতপক্ষে দক্ষিণ লেবাননকে পশ্চিম বেকা থেকে এবং পশ্চিম বেকাকে লেবাননের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে।
শুক্রবার এর আগে, দক্ষিণ লেবানন পানি সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ পানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বেসামরিক পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইবল আল-সাকি ও আল-মায়সাতের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকার অন্যান্য কেন্দ্রগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবস্থাও প্রভাবিত হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, “গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে পানি সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা সকল আন্তর্জাতিক কনভেনশন ও নীতির একটি সুস্পষ্ট ও প্রকাশ্য লঙ্ঘন, যা যুদ্ধকালীন কর্মকাণ্ড থেকে বেসামরিক নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করে।”
এনএনএ আরও জানিয়েছে যে, শুক্রবার দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় বেকা প্রদেশের সাহমার শহরের একটি মসজিদ থেকে বেরোনো মুসল্লিদের লক্ষ্য করে চালানো এক হামলায় দুজন নিহত হন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরান যুদ্ধের জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হয়, যার ফলে ১২ লাখেরও বেশি মানুষ গৃহহীন হতে বাধ্য হয়েছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশজুড়ে অন্তত ১,৩৪৫ জন নিহত এবং ৪,০০০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের ফলে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এই সপ্তাহে দক্ষিণ লেবাননে জাতিসংঘের অন্তত তিনজন শান্তিরক্ষীও নিহত হয়েছেন ।
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)-এর একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন যে, ইসরায়েল-লেবানন সীমান্ত সংলগ্ন আল-আদাইসাহ গ্রামের কাছে জাতিসংঘের একটি অবস্থানে বিস্ফোরণের কারণে তিনজন শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
“তাদের সবাইকে বর্তমানে হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখনও বিস্ফোরণের উৎস সম্পর্কে জানি না,” টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে ক্যান্ডিস আর্ডিয়েল একথা বলেন।




Comments