Image description

‘তীব্র গোলাগুলির’ পর ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের ভেতরে ভূপাতিত ওই মার্কিন যুদ্ধবিমানকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান এখনও চলমান। এছাড়া ওই ক্রুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে ‘তীব্র গোলাগুলির’ পর উদ্ধার করা হয়েছে বলে একজন মার্কিন সরকারি কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন। যদিও ওই ক্রু উদ্ধার হলেও এখনও নিরাপদ নন।

মার্কিন সামরিক অভিযানের বিষয়ে আরও তথ্য দিয়ে ওই কর্মকর্তা জানান, উদ্ধার অভিযান এখনও চলছে। তিনি বলেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন।

উদ্ধারকারী দলকে এখন ইরান থেকে সফলভাবে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।

এর আগে গত শুক্রবার পৃথক ঘটনায় ইরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পারস্য উপসাগরে সংঘর্ষের পর একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমানটি গুলি করে নামানো হয়েছে নাকি অন্য কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, মার্কিন ড্রোন, যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো পাহাড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছে, যেখানে ইরানি সূত্র মতে, নিখোঁজ পাইলট অবতরণ করেছিলেন।