মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুইজনের প্রাণহানি ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানিয়েছে, আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী সড়কে একটি লরি বিকল হয়ে মাঝপথে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা দেয়। পরবর্তীতে অন্য একটি লরি দুর্ঘটনাকবলিতদের সহায়তার জন্য সেখানে দাঁড়ালে পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সবকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়।
এই ধারাবাহিক সংঘর্ষে ঘটনাস্থলেই ৫২ ও ৫৩ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হন। নিহতদের মধ্যে একজন স্থানীয় মালয়েশীয় লরি চালক এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা দুজনই নিজেদের গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং সংঘর্ষের মুখে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ বছর বয়সী এক বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি জানান, প্রাথমিক তদন্তে শেষের লরিচালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি উঠে এসেছে। মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে। কোনো প্রত্যক্ষদর্শী থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: এনএসটি অনলাইন
মানবকণ্ঠ/আরআই




Comments