Image description

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র ‘হরমুজ প্রণালী’ নিয়ে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরানকে এক বিধ্বংসী হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আজ রাতেই ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন বা একটি বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।’ তিনি আরও যোগ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি চান না, তবে বাস্তব পরিস্থিতির কারণে এটি ঘটে যেতে পারে।

ট্রাম্প তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানে বর্তমানে যে শাসনব্যবস্থা রয়েছে তার পরিবর্তনের সময় এসেছে। সেখানে তুলনামূলক বুদ্ধিমান ও কম উগ্রপন্থী মানুষ ক্ষমতায় আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে পারে।’

ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যু’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, এর অবসান ঘটা প্রয়োজন। পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ বা এর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে, ট্রাম্পের এই মন্তব্য তাকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই উত্তেজনার প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

মানবকণ্ঠ/আরআই