ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ ও জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ এই খবর নিশ্চিত করেছে।
মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরপরই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ দেখা গেছে। গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘এনজে আর্থ’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘ডেটোনা বিচ’ সফলভাবে এই প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে ডেটোনা বিচ ইরানীয় বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
তথ্যমতে, যুদ্ধের কারণে এই অঞ্চলে কয়েকশ জাহাজ আটকা পড়েছিল। এর মধ্যে ৪২৬টি তেলের ট্যাঙ্কার, ৩৪টি এলপিজি ক্যারিয়ার এবং ১৯টি এলএনজি জাহাজ রয়েছে। দীর্ঘ সময় ধরে এসব জাহাজ কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইতিহাসে অন্যতম বৃহৎ তেল সরবরাহ বিঘ্ন ঘটে। এর ফলে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ প্রায় ১৫ শতাংশ বা ১ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল কমে গিয়েছিল। এর প্রভাবে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১২০ ডলারে পৌঁছায়, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। বিনিয়োগকারী সংস্থা জেপি মরগ্যান হুঁশিয়ারি দিয়েছিল যে, এই অচলাবস্থা মে মাসের মাঝামাঝি পর্যন্ত চললে তেলের দাম রেকর্ড ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments