Image description

মার্কিন রাজনীতিতে বিতর্ক আর ডোনাল্ড ট্রাম্প যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার যিশু খ্রিস্টের অবয়বে নিজের একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিশ্বজুড়ে নতুন তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পোপ লিও-এর সঙ্গে চলমান বাদানুবাদের মধ্যেই এই চাঞ্চল্যকর পদক্ষেপ নিলেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। ছবিতে তাকে যিশু খ্রিস্টের বেশে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, পোপ লিও-এর সাম্প্রতিক সমালোচনার পাল্টা জবাব দিতেই নিজেকে এমন অতিপ্রাকৃত রূপে উপস্থাপন করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও-এর একটি মন্তব্যকে কেন্দ্র করে। পোপ বলেছিলেন, যারা যুদ্ধ শুরু করেন তাদের হাত রক্তে রঞ্জিত থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদেই ট্রাম্প আক্রমণাত্মক হয়ে ওঠেন।

পোপকে কড়া ভাষায় আক্রমণ করে ট্রাম্প বলেন, তিনি ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে ভয়াবহ’। এমনকি ট্রাম্প দাবি করেন, তিনি নিজে হোয়াইট হাউসে না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানে টিকে থাকাই অসম্ভব হয়ে পড়ত।

ট্রাম্পের এই বিতর্কিত ছবি ও পোস্ট নিয়ে তার কট্টর সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিব্রতবোধ করে তাকে এই ছবি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন। এর আগেও ট্রাম্প নিজেকে বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রের নায়ক বা সুপারহিরো হিসেবে ফুটিয়ে তুলতে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি পোপের কর্মকাণ্ডের প্রতি অনীহা প্রকাশ করেন। তার অভিযোগ, পোপ ইরানের পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অভ্যন্তরীণ অপরাধ দমনের বিষয়ে যথেষ্ট কঠোর নন। যদিও পোপ লিও কখনোই ইরানের পারমাণবিক কার্যক্রমকে সমর্থন করেননি।

সূত্র: স্কাই নিউজ।

মানবকণ্ঠ/আরআই